কয়রায় ঔষধ ব্যবসায়ীকে হত্যা, এলাকাজুড়ে আতঙ্ক
দেলোয়ার হোসেন গাজী
কয়রা উপজেলা প্রতিনিধিঃ
কয়রা (খুলনা) কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় ভবতোষ মৃধা (খোকা) নামে এক ঔষধ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
নিহত ভবতোষ মৃধা (খোকা) গিলাবাড়ি বাজারের একজন পরিচিত ঔষধ ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার ১৮ই মে গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশে করে টিনের ঘরে সিধ কেটে ভিতরে ঢোকে।
এ সময় তারা ভবতোষ মৃধার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান, একজন নিরীহ ব্যবসায়ীকে এভাবে নির্মমভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
