হাতীবান্ধায় হাতকড়া সহ পালানো আসামি পুনরায় গ্রেফতার
মিলন কুমার বর্মন
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে নাটকীয় অভিযানে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। টানা রাতভর অভিযান শেষে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। তিনি উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে।
পরবর্তীতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধারে তাকে নিয়ে বের হলে, পথিমধ্যে সুযোগ বুঝে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান তিনি।
আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে পুলিশ।
রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক টিম গঠন করে শুরু হয় অভিযান। অবশেষে বৃহস্পতিবার ভোরে সিঙ্গীমারী ইউনিয়নের একই এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আসামিকে আটক করা হয়েছিল।
তবে চোরাই মাল উদ্ধার অভিযানের সময় সে পালিয়ে যায়। পরে রাতভর অভিযানের মাধ্যমে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
