শব্দদূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রামে মোবাইল কোর্ট: ৭ চালককে জরিমানা
রাহীমুল ইসলাম সজীব
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে রোববার (৮ মার্চ) শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৭টি যানবাহনের চালককে পৃথক ৭টি মামলায় মোট ৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানানো হয়, জরিমানা করা হয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রম করার অপরাধে। একই সঙ্গে বিভিন্ন যানবাহন থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
