গাজীপুর জেলা প্রতিনিধি : মো: সজিব:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামে এক গৃহবধূকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও স্বামীর কথিত প্রেমিকার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ফাহিজা (২৭) শ্রীপুর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মো. শুভ আহাম্মেদের সঙ্গে ফাহিজার বিবাহ হয়। তাদের সংসারে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
ফাহিজার দাবি, কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে একই এলাকার এক নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে প্রায় এক বছর আগে তিনি গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে আপোষের শর্তে স্বামী ও শ্বশুর জামিনে মুক্ত হয়ে সংসার করার প্রতিশ্রুতি দিলে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি স্বামী পুনরায় ওই নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে স্বামীর সঙ্গে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বামী ও শ্বশুর তাকে তালাক দিতে চাপ সৃষ্টি করেন এবং রাজি না হলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তার ছোট ভাই তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানা-এর দায়িত্বরত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
