শপথের মধ্য দিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি :
তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আয়োজিত বিএনপি দলীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদেই বৈঠকে তারা নির্বাচন করেন।
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস ও সংসদকে অকার্যকর করা এই পর্বের পর জনগণের অনেক রক্তের বিনিময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আজকে আমাদের প্রথম এই সংসদীয় দলের সভাতে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোনো গাড়ি নেবেন না। কোনো প্লটও নেওয়া হবে না সরকারের কাছ থেকে।’
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
