আল আমিন সিকদার
সখীপুর টাংগাইল প্রতিনিধি :
বিয়ের প্রস্তুতি নিতে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তরুণ আসলাম (২৪) নামের এক প্রবাসী ।
পরিবারে বইছিল আনন্দের জোয়ার, চলছিল আগামী শুক্রবার বিয়ের শেষ মুহূর্তের আয়োজন। কিন্তু দেশে ফেরার মাত্র ১৬ ঘণ্টার মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোটের পুকুর পাড় এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল চারটার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনা বাজারে যাচ্ছিল। মোটের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসলাম সখীপুর উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। বিয়ের জন্যই গত সোমবার রাত ১২টার দিকে দেশে ফেরেন তিনি।
পরিবার ও স্বজনদের ভাষ্য, দেশে ফেরার পর থেকেই বিয়ের আনন্দে ব্যস্ত হয়ে ওঠে পুরো পরিবার।
স্বজনরা জানান, প্রবাস থেকে ফেরার পরদিনই এমন দুর্ঘটনায় তাঁর মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। নিহতের বাড়িতে চলছে কান্না ও আহাজারি।
স্থানীয় বাসিন্দারা জানান, আসলামের বিয়েকে ঘিরে এলাকায় আনন্দের আলোচনা চলছিল। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আদিল ইফতেখার সন্ধ্যা সাতটায় বলেন, হাসপাতালে আসার আগেই ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, বিষয়টি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
