মোঃ মেহেদী হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯:০০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে একটি বিজয় র্যালি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়েছে পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। পরবর্তিতে অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, অতঃপর মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্বরন করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যগকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেছেন,”প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি।
বিজয় দিবস আমাদের অহংকারের দিন, গৌরবের দিন, ঐতিহ্যের দিন, ইতিহাসে স্থান করে নেওয়ার দিন। এই মহান দিনটির পেছনে যাদের অবদান রয়েছে, আত্মত্যাগ রয়েছে তাদের যেন আমরা ভুলে না যাই,সারাজীবন শ্রদ্ধার সাথে স্বরন করতে চাই ।
সময়ক্ষেত্রে নানাভাবে আমাদের প্রেক্ষিত পরিবর্তন হয়, সেই প্রেক্ষিত থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন হয়। যে ঐক্য আমরা ১৯৭১ সালে দেখিয়েছিলাম- জাতি, ধর্ম-বর্ণ ছাত্র-জনতা, শিক্ষক, সাংবাদিক বুদ্ধিজীবীসহ নির্বিশেষে আমরা একতার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলাম। নানা কারণে সেই ঐক্য ভূলুণ্ঠিত হয় বলে ভুঁইফোর স্বার্থবাদী জাগ্রত হয়। এইজন্য ফ্যাসিস্টের বিতাড়ণের প্রয়োজন পরে, ছাত্র-জনতা আবার আন্দোলনে নামে, ২৪ এ ইতিহাস গড়ে।” মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য,শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
এরপর দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর প্রাঙ্গণে বিকাল ৩:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুরো শাহ্জাদপুর জুড়ে যেন ছিলো আজকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরন করায় ব্যাস্ত।
